শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ

স্পোর্টস ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন




দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে অধিনায়ক সম্মেলন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের ২০ জন অধিনায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবিজি স্পোর্টস সিটি, শুধু একটি স্পোর্টস কমপ্লেক্স নয় একটি লাইফ স্টাইল

সম্মেলনে টুর্নামেন্টের প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ক্রিকেট ও ফুটবলের গ্রুপ নির্ধারণে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় টুর্নামেন্টের আনুষ্ঠানিক জার্সি ও ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

আয়োজকদের তথ্যমতে, এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ হচ্ছে ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল ম্যাচ আয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হচ্ছে।

টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ক্রিকেট প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

‘বি’ গ্রুপে খেলবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ফুটবল প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

অন্যদিকে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব স্কলার্স।

তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং প্রতিযোগিতামূলক ক্রীড়াচর্চায় উৎসাহ জোগাতে ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুই বিভাগে রানার্সআপ দল পাবে পাঁচ লাখ টাকা করে।

অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার (ফুটবল) সালমান হাসান এবং অপারেশন্স ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরুল হাসান বলেন, ক্রিকেট ও ফুটবল দিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে। ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট যুক্ত করে আয়োজনটিকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে তাঁরা নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রদর্শনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার সুযোগ তৈরি করতে পারবেন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বসুন্ধরা গ্রুপের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা, বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রুপটি দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রেখে আসছে। উপমহাদেশের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো এবিজি স্পোর্টস সিটি সেই উদ্যোগ ও অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় শুরু হতে যাওয়া এবিজি ইউনিভার্সিটি কাপ সময়ের সঙ্গে আরও বিস্তৃত ও সমৃদ্ধ হবে। একপর্যায়ে এটি দেশের ক্রীড়াঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আয়োজক ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর অধিনায়কদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি, নেতৃত্বের দক্ষতা ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের জন্য প্রতিভাবান ক্রিকেটার ও ফুটবলার উঠে আসার পথও সুগম হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT