কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম (৭৩) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমিনুল ইসলাম ওই এলাকার মৃত শাহাদত আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কিশামত মালতিবাড়ি হাজীপাড়া কবরস্থান মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আফতাফ উদ্দিন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।