কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য উমর ফারুকের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হলোখানা দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভা শেষে তাঁর নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উমর ফারুকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।