কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগায় বজ্রপাতের আঘাতে একই সঙ্গে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাহেবের আলগা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আকস্মিক বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় জাহাঙ্গীর ও তার স্ত্রী ঘরে অবস্থান করছিলেন। তাদের তিন সন্তান পাশের কক্ষে ছিল। এসময় বজ্রপাত জাহাঙ্গীরের টিনের ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজন মারা যান। তবে পাশের ঘরে থাকা সন্তানরা অক্ষত রয়েছে।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, কৃষিকাজ করেই সংসার চালাতেন তারা। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে। বাকি সন্তানরা পিতা-মাতাকে হারিয়ে এতিম হয়ে গেলো—এটি হৃদয়বিদারক ঘটনা।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।