কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছাঃ নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি গ্রামের মোছাঃ আমিনা বেগম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় অটোরিকশা থেকে দুই নারী নামলে তাদের সন্দেহজনক আচরণে দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে নুরবানু বেগমের কোমরে বিশেষ কৌশলে পেঁচানো এবং আমিনা বেগমের কোমরের ডান পাশে লুকানো অবস্থায় শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ১ কেজি ৫০০ গ্রাম।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন,এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।