বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল

অনলাইন ডেস্ক ।।কুড়িগ্রামনিউজ২৪.কম।।
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন



কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় রবিবার (৪ জানুয়ারি) তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, যাচাই-বাছাইয়ে মাহবুবুল আলম সালেহীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা উঠে আসে। এই কারণে গত শুক্রবার তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবং পরবর্তীতে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দালিলিক প্রমাণ দাখিলের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময় শেষেও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিল হয়েছে এ সংক্রান্ত কোনো লিখিত প্রমাণ তিনি জমা দিতে না পারায় মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়ন বাতিলের খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের কার্যালয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় জেলা প্রশাসকের হলরুমসহ আশপাশ এলাকায় অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক জামায়াতের নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন।

এ বিষয়ে মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, কাগজপত্র দাখিলের জন্য তাকে যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হয়নি। বরং তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, চাপ প্রয়োগ কিংবা পূর্বনির্ধারিত কোনো উদ্দেশ্যের অংশ হিসেবেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তবে জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, মনোনয়নপত্রে প্রয়োজনীয় দালিলিক অসংগতি থাকায় আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রার্থী চাইলে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT