পবিত্র মাহে রমজানকে ঘিরে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) উলিপুর উপজেলা সদরের ইমপাওয়ারমেন্ট হাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
অনুষ্ঠানে তিনি বলেন, “গণমাধ্যম একটি জাতির বিবেক। সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে সমাজকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিসীম।”
এ সময় সাংবাদিকদের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। সাংবাদিক প্রতিনিধিরাও তাদের বক্তব্যে স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার বিষয় তুলে ধরেন।
পরে ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








