কুড়িগ্রামের রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
এক সাংবাদিকের বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশি চালানো এবং আরেক সাংবাদিককে গুম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির নামজারি বাতিলসংক্রান্ত অনিয়ম নিয়ে মুঠোফোনে অ্যাসিল্যান্ড রাফিউর রহমানকে প্রশ্ন করেন দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ওই সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালান।
পরে এ বিষয়ে জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন অ্যাসিল্যান্ডকে ফোন করেন।
সাংবাদিকদের ভাষ্য, ফোনালাপের একপর্যায়ে রাফিউর রহমান তাকে গুম ও হত্যার হুমকি দেন। কথোপকথনে তিনি বলেন, ‘তোকে গুম করা হবে, মামলা দেওয়া হবে, নাকি হত্যা করা হবে, তা সময় বলে দেবে।’
এ ঘটনায় সাংবাদিক সাখাওয়াত হোসেন থানায় জিডি করেন।
অ্যাসিল্যান্ডের এমন আচরণ ও হুমকির প্রতিবাদে শনিবার মানববন্ধন করেন স্থানীয় সংবাদকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি ও সাংবাদিককে গুম-হত্যার হুমকির অভিযোগ গুরুতর। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক কাইউম আজাদ বাবুল, রফিকুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।