সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

সঞ্চয়ের টাকা জর্দার কৌটায়,  পোকায় খে‌য়ে সাবাড়

অনলাইন ডেস্ক
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন




স্বামীর সঙ্গে প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম। সেই সঞ্চয় থেকে দুই মেয়ের বিয়ে দিয়েছেন।

ভবিষ্যতের বিপদের কথা ভেবে খুচরা টাকা জমিয়ে একসময় সঞ্চয় দাঁড়ায় প্রায় দুই লাখ টাকা।

নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল জর্দার একটি কৌটায়। কিন্তু প্রয়োজনের সময় কৌটা খুলে দেখা গেল, দীর্ঘদিন পড়ে থাকায় পোকায় কেটে নষ্ট করে দিয়েছে সব নোট।

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের পুরাতন জেলখানা রোডসংলগ্ন এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম এখন স্বামীহারা।

জীবিকার অন্যতম অবলম্বন ভোগাই নদী থেকেও আগের মতো বালু-পাথর পাওয়া যায় না। ফলে আয়ও বন্ধ। এর মধ্যে দীর্ঘদিনের কষ্টের সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

মনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী মারা গেছে তিন মাস হইলো।

অনেক কষ্টে দুইটা মেয়েরে বিয়ে দিছি। আগে ভোগাই নদী থাইকা পাথর তুইলা বিক্রি কইরা দিন চালাইতাম। অহন তো নদীতে পাথরও নাই। আল্লাহ আমার শেষ সম্বলটারেও এভাবে নষ্ট কইরা দিল। অহন তো আমার আর কোনো পথ নাই।

সম্প্রতি টাকার প্রয়োজন হলে জর্দার কৌটাটি বের করেন মনোয়ারা। কৌটার মুখ খুলতে না পেরে সেটি কেটে ফেলেন তিনি। এরপর ভেতরের টাকার অবস্থা দেখে হতভম্ব হয়ে যান। দীর্ঘদিন কৌটায় পড়ে থাকায় টাকার নোটগুলো পোকায় কেটে ঝাঁঝরা করে ফেলেছে। কোনো কোনো নোট আবার টুকরা টুকরা হয়ে গেছে।

মনোয়ারা বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েদের বিয়ে দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বলেন, মনোয়ারা বেগমের দীর্ঘদিনের সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার সুযোগ আছে কি না, তা দেখা হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT