কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের দায়ে চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উত্তর বালাশিপাড়া এলাকার গোলাম মওলা (২৮), ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) ও নুরনবী (২৫)। তাঁরা ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় উত্তর বালাশিপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।