কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের পূর্ব পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে ছিল। শনিবার বিকেলে ড্রেনের আশপাশে মাছির উপদ্রুব দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর মরদেহ দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমিসহ কয়েকজন বাসিন্দার নজরে পড়ে। পরে আশপাশের লোকজনকে জানাই।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।