কুড়িগ্রামে প্রকাশ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুষ্কৃতিকারী জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় জলিল হঠাৎ তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জলিলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।