শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রাজীবপু‌রে মাদ্রাসায় তালা, ভেস্তে গেল প্রধানের কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল চর উন্নয়ন পরিষদ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ   লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে ব্যাংক বাঁচানোর দাবি একই খেলাপি ঋণ, নীতি সহায়তায় দুই রকম পথ চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, লক্ষ্য সিমেন্টশিল্পের আধুনিকায়ন অনু‌মোদন ছাড়াই ৩৭ লাখ টাকার স্কুল ভবন ভাঙার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল চর উন্নয়ন পরিষদ

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন



দুধকুমার ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চর রাউলিয়া। চারদিকে পানি আর বালুচর পেরিয়ে বিদ্যালয়ে আসে শিশুরা। দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া এসব শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা ও কলম তুলে দিয়েছে জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ, কুড়িগ্রাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, কুড়িগ্রামে দারিদ্র্যের হার ৭০ দশমিক ৮ শতাংশ। এ হার কমাতে হলে জেলার সাড়ে ৮০০ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত চার শতাধিক চরের সাড়ে পাঁচ লাখ মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। চরাঞ্চলের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ছাড়া জেলার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, জেলায় ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নদীতীরবর্তী, চর ও দ্বীপচরে রয়েছে ১৬৯টি। নদীভাঙনে এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। সম্প্রতি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগা চর সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কুড়িগ্রামের চরে শতাধিক শিক্ষার্থীর পাশে ঢাবি’র সা‌বেক শিক্ষার্থীরা

চরাঞ্চলের শিশুদের ঝরে পড়া রোধে দ্রুত ভাসমান স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, দুর্গম চরাঞ্চলে শিক্ষার সুযোগ বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে প্রাথমিকের গণ্ডি পেরোনোর পর অনেক মেয়ের বাল্যবিয়ে হচ্ছে এবং ছেলেরা জীবিকার তাগিদে কাজে নেমে পড়ছে। এ পরিস্থিতি বদলাতে চরাঞ্চলে পর্যাপ্ত মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি।

চরাঞ্চলের মানুষের সমস্যা সমাধানে পৃথক ‘চরবিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিও জানান অধ্যাপক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল আখের, মহিলাবিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. নওশাদ এবং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক রফিউল হক, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল, ঘোগাদহ ইউনিয়ন চর উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। নতুন শিক্ষা উপকরণ পেয়ে আনন্দিত হয়ে ওঠে দুর্গম চরের শিশুরা।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT