কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে উমেদ আলী (৪৫) নামে এক জেলেকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উমেদ আলীর কাছ থেকে ৫০০ মিটার এবং নদীর বিভিন্ন স্থান থেকে আরও ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উলিপুরে প্রেমের সম্পর্ক ঘিরে নেতাদের লাখ টাকা রফা, পরদিন নারীর মৃত্যু
উমেদ আলী উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর এলাকার আয়নাল হকের ছেলে। অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় তাকে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক)(১) ধারা লঙ্ঘনের দায়ে ৫(২)(খ) ধারায় তাঁকে ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।