কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাত বছরের মেয়ে মনিকার মৃত্যুর পরের দিন মারা গেছেন তার মা আদুরী রাণী (৩৫)।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ঢাকাগামী একটি কোচের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি মারা যান। এর আগে দুর্ঘটনার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যাকানন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর কোচটি পালিয়ে যায়।
কুড়িগ্রামে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুত্বর আহত-৩
নিহত মনিকা সদর উপজেলার ত্রিমোহনী এলাকার অনন্ত কুমার ও আদুরী রাণীর মেয়ে। সে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, মনিকা তার মা আদুরী রাণীর সঙ্গে লালমনিরহাটের বড়বাড়ীতে নানাবাড়িতে ছিল। সোমবার বাবা অনন্ত কুমার তাদের নিয়ে বেলগাছা ইউনিয়নের মুক্তারাম এলাকায় বাড়ি ফেরার পথে কাঁঠালবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে মনিকাসহ অটোরিকশার চার যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আদুরী রাণী, অনন্ত কুমার ও অটোরিকশাচালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান আদুরী রাণী।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।