কুড়িগ্রামের চিলমারীতে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তী সময়ে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।