বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রে‌ৗমারীতে ইউপি প্রশাসক প্রত্যাহারের দা‌বি

রৌমারী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ন



কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. তরিকুল ইসলামকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ সময়ের মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে ইউনিয়ন পরিষদ ঘেরাও ও ভবনে তালা ঝুলিয়ে দেওয়াসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে দাঁতভাঙ্গা বাজারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তরিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি মালামাল চুরি ও বিক্রির অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাকে অবিলম্বে প্রত্যাহার করে সৎ ও নিরপেক্ষ কাউকে প্রশাসক নিয়োগের দাবি জানান তারা।

জানা যায়, চলতি বছরের এপ্রিলে রৌমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গুদাম থেকে ইউনিসেফের লোগোসংবলিত সরকারি মালামাল চুরি করে বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ ওঠে অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই মালামাল জব্দ করে। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জব্দ করা মালামাল থানা থেকে পুনরায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে তরিকুল ইসলাম বাদী হয়ে পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে চুরির মামলা করেন। মামলাটি এখনো চলমান।

গত ২৪ সেপ্টেম্বর দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিমের মৃত্যুতে পদটি শূন্য হয়। এরপর উপজেলা প্রশাসন তরিকুল ইসলামের নাম একক প্রস্তাব হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। এর ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মিজানুর রহমান, জোবায়দুল ইসলাম জোবায়েদ, মোতালেব মিয়া, মুকুল মিয়া, আজাদ হোসেন, সোলায়মান হোসেন, আব্দুর রহিম ও লাভলু মিয়া।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT