বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

যানজটে নাকাল উলিপুরবাসী

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে আধা কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো কখনো এক ঘণ্টা লাগছে। ইজিবাইক, মিশুক ও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিদিন যানজটে পড়ছেন শহরবাসী। মসজিদুল হুদা, পোস্ট অফিস ও থানামোড়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, শহরের সড়কগুলো সরু এবং বিকল্প পথ নেই। এর সঙ্গে যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, যত্রতত্র পার্কিং ও নির্দিষ্ট স্ট্যান্ডের অভাবে যানজট বাড়ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে চলাচলকারী কোনো ইজিবাইক, মিশুক বা ব্যাটারিচালিত অটোরিকশা পৌরসভায় নিবন্ধিত নয়। তবে এসব যানবাহনের সংখ্যা তিন থেকে চার হাজারের বেশি বলে ধারণা করা হচ্ছে।

হাতিয়ার মেলার অটোরিকশাচালক মকবুল হোসেন বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে প্রতিদিন নতুন নতুন অটোরিকশা শহরে প্রবেশ করছে। যানবাহন বাড়লেও সড়কের পরিধি বাড়ছে না। ফলে যানজট তীব্র হচ্ছে।

পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা মাছুমা খানম মেরি বজরা ইউনিয়নের চাঁদনী বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তার বাসা থেকে আমিন মোড়ের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। আগে ইজিবাইক বা রিকশায় যেতে সর্বোচ্চ ১০ মিনিট লাগত। এখন যানজটের কারণে ঘণ্টা খা‌নেক লাগে। এতে কর্মস্থলে যাতায়াতেও ভোগান্তি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নুর আলম, আব্দুল কাদের, অজয় কুমার ও রুহুল আমীন বলেন, শহরের সড়কের তুলনায় তিন চাকার যানবাহনের সংখ্যা অনেক বেশি। বড় আকারের কিছু অটোরিকশায় আটজন যাত্রী বসতে পারলেও অনেক সময় যাত্রী থাকেন মাত্র দুই থেকে চারজন। এ ছাড়া মোড়গুলোতে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোয় যানজট বাড়ছে।

শহরবাসীর দাবি, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপন ও যত্রতত্র পার্কিং বন্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দ্রুত বাইপাস সড়কের কাজ শেষ করতে হবে।

জানা গেছে, উলিপুকাসীর দীর্ঘ‌দি‌নের দা‌বি এক‌টি বাইপাস সড়ক। ইতিম‌ধ্যে সরকার হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণে সরকারি বরাদ্দ দিয়েছে। তবে নানা জটিলতায় দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, যানজটের কারণে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িকেও আটকে থাকতে হয়। শিক্ষার্থীদেরও সড়কে অপেক্ষা করতে হয়। বাইপাস সড়কটি নির্মিত হলে শহরের যানবাহনের চাপ কমবে বলে তারা আশা করছেন।

এ বিষ‌য়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এ টি এম আরিফ বলেন, যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। ইজিবাইক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ ও সড়ক দখলমুক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT