কুড়িগ্রামের উলিপুরে নিজ বাড়িতে গাঁজা সেবনের সময় সজীব মিয়া সবুর (২৫) নামের এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট পূর্ব কালুডাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া সবুর ওই এলাকার মৃত মহসিন আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় সজীব মিয়া সবুরকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।