কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ এক হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি নর্দমা ও গোবরের গাঁদায় লাফিয়ে পালিয়ে যান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্পসংলগ্ন বাগভান্ডার বাজারের পেছনের একটি সুপারি বাগানে অভিযানটি চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বাগভান্ডার এলাকার ময়নার হক (৬৫), মাসুম হোসেন (৪৪), খামার পত্রনবীশ এলাকার গাজীউর রহমান (৪৭) ও বাগভান্ডারের নজরুল ইসলাম (৪১)।
স্থানীয়রা জানান, ওই সুপারি বাগানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে এসে জড়ো হতেন। জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবনেরও অভিযোগ ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় চারজনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অন্য কয়েকজন জুয়াড়ি পালিয়ে যান।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জুয়ার আসরের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতাও রয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।