কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. মাহবুবুল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নাগেশ্বরী পৌরসভার ঠুটা পাইকর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছে। পরে নাগেশ্বরী থানার একটি দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে ঠুটা পাইকর সেতুর কাছে একটি খালে ঝাঁপ দেন। পরে তিনি খালের কচুরিপানার নিচে আত্মগোপন করেন। পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করে।
তার নাম মাহবুবুল। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের নুর ইসলামের ছেলে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।