কুড়িগ্রামে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক তথ্যসেবার সমন্বয় জোরদার করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বিবিসি মিডিয়া অ্যাকশন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের নির্বাহী প্রধান ফিরুজুল ইসলাম, উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, অধ্যাপক মির্জা মো. নাসির উদ্দিন ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক তথ্যসেবা সম্পর্কে অভিন্ন ধারণা তৈরি, বিদ্যমান ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ডব্লিউসিএসআইয়ের সমন্বয়ের সম্ভাবনা খুঁজে বের করা।
আলোচনায় বলা হয়, সাধারণ আবহাওয়ার পূর্বাভাসে সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি জানা গেলেও এর ফলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে এবং তা মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে পর্যাপ্ত নির্দেশনা পাওয়া যায় না। অন্যদিকে ডব্লিউসিএসআই আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সহায়তা করে।
কর্মশালায় বিবিসি মিডিয়া অ্যাকশনের ‘ব্রিজেস’ প্রকল্পের আওতায় পরিচালিত মিডিয়া ডেভেলপমেন্ট ও আউটরিচ কার্যক্রমের বিভিন্ন কনটেন্ট প্রদর্শন করা হয়। পাশাপাশি দলীয় আলোচনা ও দৃশ্যপটভিত্তিক অনুশীলনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্যসেবার সমন্বয়ের ঘাটতি এবং তা অন্তর্ভুক্তির সুযোগ নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
দিনব্যাপী কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার, বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার রাশেদুল হাসান, ট্রেনিং অ্যান্ড আউটরিচ কর্মকর্তা মাহমুদ আলম চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।