অনলাইন ডেস্ক ।।কুড়িগ্রামনিউজ২৪.কম।।
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর
অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়ার পর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বর্তমানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যায় সাজিদ।
>শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুরে দুই সন্তানকে নিয়ে তিনি বাড়ির পাশে যাচ্ছিলেন। হাঁটার সময় হঠাৎ সাজিদ ‘মা’ বলে ডাক দিলে তিনি পেছন ফিরে দেখেন, সন্তানটিকে দেখা যাচ্ছে না। পরে গর্তের ভেতর থেকে তার কান্নার শব্দ শোনা যায়। গর্তটির মুখ খড় দিয়ে ঢেকে রাখা থাকায় তিনি এবং শিশুটি কেউই বুঝতে পারেননি জায়গাটিতে গভীর গর্ত রয়েছে। পা পড়তেই মুহূর্তের মধ্যে শিশুটি নিচে পড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযানে চেষ্টা করলেও গর্তের ভেতরে মাটি চলে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাত ৯ টায় শিশুটিকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করেছি। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানাবেন।