কুড়িগ্রামের উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোচালক নুর আমিন (৫০) নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ছয় চাকার ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নুর আমিনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে শিউলি বেগম (৩৫), তকি আহমেদ (৫০), রুহুল আমিন (২২) ও নারু বর্মণ (৭০) রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যরা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।…