বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

এক‌ গাছ কাটার অ‌ভি‌যোগ ১২ দপ্ত‌রে

স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন



কুড়িগ্রাম সদরের বসুনিয়ারহাট আহম্মদিয়া দাখিল মাদরাসার একটি বড় কাঁঠাল গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপার শাহ মো. নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), শিক্ষা অফিসসহ ১২ দপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ৫০ জন ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর মাদরাসা বন্ধ থাকার দিনে কোনো সরকারি অনুমোদন, বন বিভাগের অনুমতি এবং মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত বা রেজুলেশন ছাড়াই গাছটি কাটা হয়। স্থানীয়দের বাধায় কাটা গাছটি এখনো মাদরাসা মাঠে পড়ে আছে। অভিযোগকারীদের দাবি, গাছটির আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও মাদরাসার চারটি ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো নথি পাওয়া যায়নি।

কাঠ ব্যবসায়ী রিপন মিয়া বলেন, ‘মাদরাসা সুপার ১৩ হাজার টাকায় কাঁঠাল গাছটি আমার কাছে বিক্রির বন্দোবস্ত করেছিলেন। ওই টাকায় ইউক্যালিপটাস কাঠ সংগ্রহের কথা ছিল।’

অভিযোগের বিষয়ে সুপার শাহ মো. নূরে আলম সিদ্দিকী বলেন, ‘মাদরাসার সভাপতি মাহাবুর রহমানের অনুমতি নিয়ে গাছটি কেটেছি। তবে বিষয়টি আমার ভুল হয়েছে।’

প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, ‘ফার্নিচার তৈরির জন্য স্থানীয়দের পরামর্শে গাছটি কাটা হয়েছে। সামনে নতুন ভবন নির্মাণ হবে। গাছটি থাকলে নির্মাণকাজে সমস্যা হতো।’

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর সুপারকে গাছ কাটার বিষয়ে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঙ্গে কথা বলতে বলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT