কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর মজুত করা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জরিমানাপ্রাপ্ত নূর ইসলাম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নামাজের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নূর ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ঘটনাস্থলে মজুত করা আনুমানিক ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
উলিপুরে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি, আহত কৃষক
অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
তিনি জানান, জনস্বার্থে এবং পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।