কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে রশিদুল ইসলাম রতন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৩টার দিকে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রতন উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইল ফোন ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার মাধ্যমে চোরাই পথে ভারত থেকে আনা মোবাইল ফোন দেশের বিভিন্ন এলাকার শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য, রতন ও তার কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে একটি চক্র গড়ে উঠেছিল। তাকে গ্রেপ্তারে এর আগেও একাধিকবার অভিযান চালানো হলেও তিনি পুলিশের নাগালের বাইরে ছিলেন।
সর্বশেষ কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানার একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, এ ঘটনায় রতনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।