বন্যা, নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় নারীদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন (ওয়াইএফসি-বিডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে ইউথনেট গ্লোবাল-এর সহযোগিতা, উইমেন’স পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ডের (ডব্লিউপিএইচএফ) অর্থায়ন এবং ইউএন উইমেন বাংলাদেশের সহায়তা রয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-ই-খুদা। এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের লিড ফিল্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লোকাল এনগেজমেন্ট জাহিদ কবির, প্রকল্প সমন্বয়কারী জান্নাতুন্নাহার তান্নিসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। এর আওতায় নারীদের দুর্যোগ প্রস্তুতি, মোকাবিলা ও পুনরুদ্ধার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পিস সার্কেল গঠন, পুরুষ সহযোগীদের সম্পৃক্ত করা এবং ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
সভায় নারী অংশগ্রহণকারীরা বন্যা ও নদীভাঙনের সময় নিজেদের অভিজ্ঞতা, নিরাপত্তা, জীবিকা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলার সব পর্যায়ে নারীদের সম্পৃক্ততা বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।