বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারের অভিযোগে থানায় গণস্বাক্ষর

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়িতে চুরি, মাদক সেবন ও বেচাকেনাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় গণস্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

সম্প্রতি পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের নারিকেলবাড়ি, শঠিবাড়ি, খামার ভাটিয়াপাড়া ও ডাক্তারপাড়া এলাকার বাসিন্দারা উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ অভিযোগ দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং এসব এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। সম্প্রতি কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া মাদক সেবন ও বেচাকেনা এবং দলবদ্ধভাবে এলাকায় ঘোরাফেরা করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের মদদদাতাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পান না সাধারণ মানুষ। মাদকসেবীদের বেপরোয়া আচরণ ও সংঘাতের আশঙ্কায় অনেকে মুখ খুলতে চান না। ফলে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে উঠছে না।

অভিযোগকারীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। অপরাধীদের আইনের আওতায় আনা, মাদক কারবার বন্ধ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘এলাকাবাসীর গণস্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ পেয়েছি। থানায় জনবলসংকট থাকায় তাৎক্ষণিকভাবে সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খেতে হচ্ছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় সচেতন মহলকে সম্পৃক্ত করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক সভা ও কাউন্সেলিং করার পরামর্শ দিয়েছেন। এ ধরনের উদ্যোগে পুলিশ সহযোগিতা করবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT