জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী। এ সাফল্যের মাধ্যমে তাঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন কামিল প্রথম বর্ষের মো. আলামিন আশিক (কবিতা আবৃত্তি), মো. আনিচুর রহমান সাইফী (উপস্থিত বক্তৃতা) এবং ফাজিল প্রথম বর্ষের মো. ফারহাজুল ইসলাম (রচনা)।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পাঁচটি বিষয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কবিতা আবৃত্তিতে প্রথম হওয়া আলামিন আশিক বলেন, মা-বাবা ও শিক্ষকদের দোয়া এবং সহযোগিতায় এ সাফল্য পেয়েছেন। আনিচুর রহমান সাইফী বলেন, এ অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান রয়েছে। ফারহাজুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই রচনা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। শিক্ষকদের সহযোগিতা তাঁর এ অর্জনে ভূমিকা রেখেছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই বলেন, তিন শিক্ষার্থীর এ সাফল্যে প্রতিষ্ঠান গর্বিত। জাতীয় পর্যায়েও তারা ভালো ফল করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে বলে আশা করছেন তিনি।