কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন এলিচ (৩৪) কে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবালিশ গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইলিয়াস হোসেন এলিচ বিদ্যাবালিশ গ্রামের মোঃ মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক ফুলবাড়ী উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।