কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) দুুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের ১৯৮৮ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, স্কেল ও রাবার।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
অনুষ্ঠানে তিনি বলেন, চরাঞ্চলের শিশুরা নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট ও ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত হয়। এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় উৎসাহ বাড়াবে।
উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ও মরিয়ম জানায়, নতুন স্কুলব্যাগ ও খাতা-কলম পেয়ে তারা খুব খুশি।
চতুর্থ শ্রেণির সানজিদা ও প্রথম শ্রেণির খাইরুনও নতুন শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আখের, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন প্রমুখ।