কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে ধরলা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। ফুলবাড়ী ধরলা সেতুর উত্তরে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম হচ্ছে।
স্থানীয়দের উদ্যোগে গত ২৬ আগস্ট নৌকা বাইচের উদ্বোধন করা হয়। এতে স্থানীয়সহ বিভিন্ন এলাকার ১২টি বড় নৌকা অংশ নেয়। নির্ধারিত দিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। উলিপুর থেকে আসা ‘তামিম বাংলা’ ও হক বাজার এলাকার ‘দাদাভাই’ নামের দুটি নৌকা বিজয়ী হয়।
দেখা যায়, নদীর দুই পাড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ঢল। কেউ নদীর পাড়ে, কেউ নৌকায় আবার কেউ আশপাশের উঁচু স্থানে দাঁড়িয়ে বাইচ উপভোগ করছেন। নৌকা দ্রুতগতিতে ছুটে চলার সময় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ধরলার পাড়।
নৌকা বাইচকে ঘিরে নদীর পাড়ে বসেছে নানা ধরনের দোকানপাট। এতে স্থানীয় ব্যবসায়ীদেরও বেচাকেনা বেড়েছে।
আয়োজকেরা জানান, হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। সেমিফাইনাল শেষ হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। ভবিষ্যতেও প্রতি বছর ধরলা নদীতে নৌকা বাইচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।