কুড়িগ্রামে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বাড়ানো এবং ক্রীড়ার মাধ্যমে সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এবারের চ্যাম্পিয়নশিপে জেলার ১১টি পুরুষ ও পাঁচটি নারী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, এ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য বিকাশের পাশাপাশি সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বাড়বে। একই সঙ্গে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ কমাতেও এটি সহায়ক হবে।