২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে পৌর শহরের গুনাইগাছ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায়। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত হয়নি।
বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, উলিপুর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মশিউর রহমান ও খায়রুজ্জামান সরকার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ ফারাবী।