কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাকুয়ার কুঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪)। তিনি ওই এলাকার এরশাদুল ইসলামের ছেলে।
উলিপুরে ইয়াবাসহ ২৬ মাদক মামলার আসামি ন্যাংড়া নয়ন গ্রেপ্তার
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, ইয়াবা সেবনরত অবস্থায় সাব্বিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।