কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে মাছ ধরার দায়ে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. মিলন ও মো. সাকিল। তারা দুজনই ওই ইউনিয়নের কাজিয়ার চর এলাকার হোসেন আলী মুন্সির ছেলে।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৩(৩)(খ) ধারা লঙ্ঘনের দায়ে ৫(১) ধারায় তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার। অভিযানে সহযোগিতা করে সাহেবের আলগা পুলিশ ফাঁড়ি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।