শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

যাচাই না করে কারও পক্ষ নয়’ : প্রভা

বি‌নোদন ডেস্ক
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন




চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেছেন, কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে শুধু পেশাগত পরিচয়ের কারণে কারও পক্ষ নেওয়া উচিত নয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও পেশাদার আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রভা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে গালিগালাজ করার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরীমনির দাবি, ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছিলেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরীমনির আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। সাংবাদিকদের একাংশও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এ পরিস্থিতিতে নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রভা। তিনি জানান, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় এক সাংবাদিক তাঁর খুব কাছাকাছি চলে আসেন। এতে অস্বস্তি বোধ করে বারবার পেছনে সরে গেলেও ওই সাংবাদিক সামনে এগিয়ে আসছিলেন। পরে তিনি হাসিমুখে নিজের অস্বস্তির কথা জানান এবং অনাকাঙ্ক্ষিত স্পর্শ এড়াতে সামনে ফোন ধরে রাখেন। একপর্যায়ে অন্য একজন সাংবাদিক এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন।

প্রভা বলেন, কোনো সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলেই ঢালাওভাবে তাঁর পক্ষ নেওয়া উচিত নয়। পরীমনির অভিযোগ সত্যিও হতে পারে। তাই পুরো ঘটনা যাচাই না করে কাউকে দোষী বা নির্দোষ বলা ঠিক হবে না। গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীলতা ও পেশাদারত্ব বজায় রাখা জরুরি।

ভিডিও বার্তায় পরীমনির ব্যক্তিগত জীবন ও একক মা হিসেবে তাঁর সংগ্রামের প্রসঙ্গও তুলে ধরেন প্রভা। তাঁর মতে, একজন শিল্পীও সাধারণ মানুষের মতো ব্যক্তিগত ও পারিবারিক নানা পরিস্থিতির মধ্য দিয়ে যান। তাই কোনো ঘটনা মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান ও বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন।

প্রভা আরও বলেন, গণমাধ্যমে কাজ করেন বলেই একজন মানুষের মেজাজ সব সময় নিয়ন্ত্রণে থাকবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। প্রতিটি অভিযোগ ও ঘটনার নিরপেক্ষ মূল্যায়ন হওয়া উচিত।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT