কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহম্মদ আলী (৪৯) ও আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)। আহম্মদ আলী ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি উপজেলার বাগভান্ডার (সোনাতলী) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মে ভূরুঙ্গামারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯(৩), ১০ ও ১৩ ধারার মামলায় তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে আয়নাল হক ওরফে ঝন্টু ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ ছাট গোপালপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। ২০২৪ সালের ২৩ অক্টোবর দায়ের করা দণ্ডবিধির একাধিক ধারার মামলায় তদন্তে তাঁর নাম আসামি হিসেবে পাওয়া যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, পৃথক দুটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে আহম্মদ আলী ও আয়নাল হক ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।