কুড়িগ্রামের ফুলবাড়ীর প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়েছেন ছয় শতাধিক মানুষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, গাইনি ও প্রসূতি, নাক-কান-গলা, দন্ত ও মুখ, নবজাতক ও শিশু, সার্জারি এবং চর্ম ও যৌনরোগ বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়।
বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোছা. উম্মে ছালমা। স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাঁদের শারীরিক সমস্যা নিয়ে ক্যাম্পে আসেন। চিকিৎসকেরা তাঁদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদ আলম বলেন, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যন্ত অঞ্চলে এসে এত মানুষের চিকিৎসাসেবা দিয়েছে, যা প্রশংসনীয়। অন্যান্য বেসরকারি হাসপাতালও এ ধরনের উদ্যোগ নিলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হবেন। নিজের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী উম্মে ছালমাকে রোগীদের চিকিৎসাসেবা দিতে দেখে তাঁরা গর্বিত।