কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ জামেনা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে পাকা সড়ক থেকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামেনা বেগম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বেড়া মেলিয়া গ্রামের মৃত হাজের উদ্দিনের মেয়ে। তিনি মো. আব্দুর রউফের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে তার কাছে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।