কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের দুটি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। পিপলু আর খানের পরিচালনায় ‘জয়া আর শারমিন’ জিতেছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার। একই উৎসবে মকবুল চৌধুরীর পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ প্রামাণ্যচিত্র বিভাগে পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার উদ্যোগে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়। ছয় দিনের আয়োজনে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসবে মোট ৪৮টি সিনেমা দেখানো হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ১৯টি সিনেমা।
রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা হিসেবে ‘জয়া আর শারমিন’কে বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড দেওয়া হয়। ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’ দ্বিতীয় সেরা হয়ে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে। শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’ অর্জন করেছে জুরি মেনশন।
পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘জয়া আর শারমিন’ সিনেমার অভিনেত্রী জয়া আহসান। তিনি লেখেন, ‘এই অর্জন শুধু একটি সিনেমার নয়—এটি আমাদের গল্প বলার সাহস, আমাদের কলাকুশলীদের শ্রম আর সীমিত সম্পদে অসীম স্বপ্ন দেখার ফল।’
প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হয়েছে রণজিৎ রায়ের ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা হয়েছে ড. ধৃতিশ্রী সরকারের ‘দ্য টেল অব কথা’।