ফ্যামিলি কার্ডের কথা বলে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে তাদের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, ‘এ দেশে এ পর্যন্ত কোনো সরকারই শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখেনি। বর্তমানে ফ্যামিলি কার্ডের মূলা ঝুলিয়ে রেখে বাজারজুড়ে সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের বেঁচে থাকাকে কঠিন করে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘জনগণের গণভোটের রায়কে তোয়াক্কা করা হচ্ছে না, যেন সরকারকে ভূতে ধরেছে। সরকার যদি বিগত ফ্যাসিস্টদের মতো আচরণ করে, তবে সাধারণ শ্রমিক-জনতা আবারও তাদের সমুচিত জবাব দিতে এবং একই পরিণতির মুখোমুখি করতে প্রস্তুত রয়েছে।’
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিবেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিগত সময়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনকল্যাণমুখী কার্যক্রম সাধারণ শ্রমিকদের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করা হয়েছিল। নতুন বাংলাদেশে সংগঠনকে আরও শক্তিশালী করে এসব কার্যক্রম শ্রমিকদের দুয়ারে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. আতাউর রহমান।
এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপন)সহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।