শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে সিএন‌জি চালক‌দের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:২২ অপরাহ্ন




কুড়িগ্রামের সব সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি, নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে শহরের শাপলা চত্বরে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

অবরোধের কারণে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-উলিপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন এসব সড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ।

অবরোধ চলাকালে কুড়িগ্রাম জেলা সিএনজি মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুম মিয়া, সাধারণ সম্পাদক রুস্তম আলী, লালমনিরহাট সিএনজি মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, তিস্তা সিএনজি মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মিলন আহমেদ, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, ফুলবাড়ী উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মালিক-শ্রমিক নেতারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল মিয়ার লোকজন বিভিন্ন সড়কে সিএনজি থেকে যাত্রী নামিয়ে তাদের নির্দিষ্ট যানবাহনে তুলে দেন। এতে সিএনজি চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাদের অভিযোগ, বিভিন্ন সময় চালকদের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া এবং এর প্রতিবাদ করলে মারধর করা হয়।

চালকরা বলেন, তারা নিয়ম মেনে সিএনজি চালাতে চান। কিন্তু বিভিন্ন সড়কে চলাচলের ক্ষেত্রে বাধা ও হয়রানির শিকার হচ্ছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই জেলার সব সড়কে সিএনজি চলাচলের সুযোগ, নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

পরে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের অভিযোগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি ভবিষ্যতে কেউ হয়রানি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পর চালকরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি আগে আমি জানতাম না। আজই প্রথম জানতে পেরেছি। সিএনজি চালকদের আর কেউ কোনো ধরনের হয়রানি করতে পারবে না। কেউ হয়রানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেকোনো ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT