বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এ সভার আয়োজন করে। জেলা প্রশাসন ও এসওএস পরিবারের শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা এনসিটিএফের সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ খুদা, নাজির হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, ফ্রেন্ডশিপের এরিয়া ম্যানেজার আব্দুস সালাম এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির কুড়িগ্রাম প্রকল্প সমন্বয়কারী মকলেছুর রহমান।
সভায় জেলার শিশুদের বর্তমান পরিস্থিতি ও শিশু সুরক্ষা নিয়ে আলোচনা হয়। শিশু প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিশুদের যৌন হয়রানি থেকে সুরক্ষা এবং দুর্যোগপ্রবণ ও নদীভাঙনকবলিত এলাকার শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা থেকে ঝরে পড়া রোধ এবং পানিতে ডুবে শিশুমৃত্যু কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন।
সভায় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, শিশু অধিকারকর্মী, এনজিও ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিশুদের বক্তব্য ও সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে শোনেন সংশ্লিষ্ট অংশীজনরা।
বক্তারা বলেন, শিশুদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ, প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় শিশুদের কণ্ঠকে গুরুত্ব দিয়ে তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।