কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগল একসঙ্গে পাঁচটি পাঠা ছানার জন্ম দিয়েছে। এর মধ্যে একটি ছানা জন্মের ১৫ মিনিটের মধ্যে মারা গেছে। বাকি চারটি সুস্থ রয়েছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজন।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ছাগলটি প্রথমে পরপর চারটি ছানার জন্ম দেয়। এরপর প্রায় এক ঘণ্টা বিরতি দিয়ে পঞ্চম ছানাটির জন্ম হয়। তবে জন্মের কিছুক্ষণ পরই সেটি মারা যায়।
ছাগলের মালিক তহিদুল ইসলাম জানান, তাঁর ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও বাচ্চা হওয়ার সময় পাঁচটি ছানা হবে, তা তিনি ভাবতে পারেননি। তাঁর স্ত্রী মমিনা বেগমের উপস্থিতিতে ছাগলটি চারটি ছানার জন্ম দেওয়ার পর বিরতি দিয়ে আরও একটি ছানার জন্ম দেয়। বর্তমানে চারটি ছানাই সুস্থ রয়েছে।
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার বলেন, দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা বিরল হলেও অস্বাভাবিক নয়। ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।
তিনি আরও বলেন, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম নিলে সেগুলোর যথাযথ পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করা জরুরি।