দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম শহরের গ্রান্ড এসেম্বেলি সভাকক্ষে এসওএস চিলড্রেন্স ভিলেজেসের এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে। এতে জেলার ৯টি কমিউনিটি বেইজড অর্গানাইজেশনের (সিবিও) প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় ক্লাইমেট হ্যাজার্ড ম্যাপিং, ক্লাইমেট স্মার্ট ইনোভেশন মার্কেট, কমিউনিটি রেসপন্স রোল-প্লে ও পার্সোনাল ক্লাইমেট অ্যাকশন প্লেজসহ বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এসব কার্যক্রমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি চিহ্নিতকরণ, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি সংগঠনগুলোর সক্ষমতা উন্নয়ন জরুরি। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম জোরদার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।