মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

৬ ভো‌টে পরা‌জিত হ‌য়ে ৩১ বছর পর ‌ফের ভোটের মাঠে আফজাল

রাজারহাট প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন




১৯৯৫ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ছয় ভোটের ব্যবধানে হেরেছিলেন আহম্মদ হোসাইন শেখ আফজাল। এরপর পেরিয়েছে ৩১ বছর। দীর্ঘ বিরতি শেষে আবারও নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন ৬১ বছর বয়সী এই ঝালমুড়ি বিক্রেতা। এলাকাবাসীর উৎসাহে এবার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আফজাল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আমির উদ্দিনের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

তবে তার নির্বাচনি প্রচারণার ধরন অন্যদের চেয়ে আলাদা। পোস্টার-ব্যানার ছাপিয়ে প্রচারণা চালানোর সামর্থ্য নেই। তাই জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ঝালমুড়ি বিক্রির ভ্যানটিকেই প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তি‌নি। ভ্যানের সামনে লাগিয়েছেন নির্বাচনি ব্যানার। সেই ভ্যান নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঝালমুড়ি বিক্রির পাশাপাশি নিজের প্রার্থিতার কথাও জানাচ্ছেন।

জানা গে‌ছে, প্রায় ৩৫ বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করছেন আফজাল। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার সংসার। প্রতিদিন আয় করেন প্রায় ৫০০ টাকা। এই আয় দিয়েই চলে পরিবারের খরচ। তার তিন ছেলে শেখ মেহেদী হাসান রাজু (২৮), শেখ রাসেল (২৫) ও শেখ রাশেদ (২৩) একই পেশায় যুক্ত। তারাও ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আফজাল বলেন, ওয়ার্ডের মানুষ আমাকে চায়। তাদের উৎসাহেই নির্বাচনে অংশ নিতে চাই। আমার স্লোগান ‘কথা নয়, কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়।’ নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়তে কাজ করবেন ব‌লেও আশ্বস্ত ক‌রেন তি‌নি।

আফজাল আরও জানান, ১৯৯৫ সালে বই প্রতীক নিয়ে একই ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে মাত্র ছয় ভোটের ব্যবধানে হেরে যান। এরপর আর নির্বাচনে অংশ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা আজাদ আলী, বীরু শেখ ও জমশেদ আলীসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে ঝালমুড়ি বিক্রি করায় আফজাল এলাকায় পরিচিত মুখ। এবার নিজের জীবিকার ভ্যানেই নির্বাচনি ব্যানার লাগিয়ে প্রচারণা চালানোয় তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখ্য, প্রথম ধাপে রাজারহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT