কুড়িগ্রামে শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ২০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। এ ছাড়া সংস্থাটির শিক্ষা প্রকল্পের শিশু ও শিক্ষার্থীদের জন্য আরও ২০০টি কম্বল দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে মোট ৪০০টি কম্বল হস্তান্তর করেন আশার কর্মকর্তারা।
কম্বল গ্রহণকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষা প্রকল্পের শিশু ও শিক্ষার্থীদের জন্য কম্বল দেওয়ার উদ্যোগ তাদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। শীতার্ত মানুষের সহায়তায় অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আশার রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল অ্যাডিশনাল ম্যানেজার খন্দকার মো. আলাউদ্দিন বলেন, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে আশার রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল অ্যাডিশনাল ম্যানেজার খন্দকার মো. আলাউদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল কবীর, কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন, সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার মাসুদার রহমান ও সাপোর্ট ইঞ্জিনিয়ার মোবারক হোসেন উপস্থিত ছিলেন।