কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ জেলেপাড়া এলাকায় আইয়ুবের চরের পাশে লাশটি পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে ওই এলাকায় গরুকে ঘাস খাওয়ানোর সময় কয়েকজন দুর্গন্ধ পান। পরে তারা কাছে গিয়ে নদীর তীরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা ফুলবাড়ী থানার পুলিশকে জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, আমরা মাত্র এসে পৌঁছালাম। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।